দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা। একই সঙ্গে আগামী ২০ নভেম্বর ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপির নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ঢাকা পোস্টকে বলেন, স্বাধীনতার পর এতো জেল, জুলুম, অত্যাচার সহ্য করে এই প্রথম কোনো রাষ্ট্রপতি হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেখে আন্দোলন সংগ্রামে আমরা উজ্জীবিত হয়েছি। সেই জায়গা থেকে ধন্যবাদ জানাতে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি পেশার ৩৫ জন সাবেক শিক্ষার্থী মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি।
তিনি জানান, রাষ্ট্রপতি দেশে ও জাতির জন্য সবসময় ইতিবাচক কাজ করার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ২০ নভেম্বর ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকার ইচ্ছা পোষণ করেছেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক সময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল। দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসক ও আলোকিত মানুষ তৈরিতে ঢাকা কলেজ বিশাল অবদান রেখেছে।
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে দেশের জনগণের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানায়।
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠাতব্য ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এমওএইচ/বিআরইউ
