রাজধানীর সাত কলেজ শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) রোডম্যাপ প্রকাশের পরও অ্যাকাডেমিক মাইগ্রেশনে নেই দৃশ্যমান কোনো কার্যক্রম। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ২০২১-২২ সেশনের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়।
এদিকে রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতে ডিসিইউ কর্তৃক যাবতীয় পরীক্ষা কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হবে। তবে এখনো সময়সূচি ঘোষণা না হওয়ায় অ্যাকাডেমিক অনিশ্চয়তার আশঙ্কা করেছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ঢাকা কলেজের ২১-২২ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিব আল হাসান বলেন, দীর্ঘদিন ধরে অ্যাকাডেমিক অনিশ্চয়তার মধ্যে রয়েছি। সম্প্রতি ঢাবির অধীনে অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে। পরীক্ষা কবে হবে, ফরম পূরণ কখন শুরু হবে, ফলাফল প্রকাশ ও সনদ দেওয়ার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে এসব বিষয়ে সেন্ট্রালের রোডম্যাপে স্পষ্ট মন কিছু নেই। এছাড়াও, অ্যাকাডেমিক ভবিষ্যৎ ও ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন রয়েছি।
তিনি আরও বলেন, অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ, পরীক্ষা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে দীর্ঘসূত্রতা দেখা দিলে ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ, চাকরির আবেদন এবং অন্যান্য পেশাগত কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্যক্তিগতভাবে, আমরা কোনো বিশেষ সুবিধা চাই না; আমরা শুধু চাই আমাদের শিক্ষাজীবন যেন আর বিলম্বিত না হয় এবং কোনো শিক্ষার্থী যেন সেশনজট বা প্রশাসনিক জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত না হয়। প্রশাসনের কাছে অনুরোধ শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত সময়সূচি প্রকাশ করা হোক।
তিতুমীর কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মানিক খান বলেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজের চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয় কিছুদিন আগে। শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে ২১-২২ থেকে শুরু করে ২৩-২৪ পর্যন্ত সকল সেশন ডিসিইউতে মাইগ্রেশন হয়ে আসবে। সেই মর্মে ডিসিইউ একটা রোডম্যাপও প্রকাশ করে ফলে গত ৩০ তারিখে বাতিল হয় ঢাবি প্রকাশিত নোটিশ।
তিনি বলেন, আমরা ডিসিইউয়ের এই চ্যালেঞ্জিং সিদ্ধান্ত এবং রোডম্যাপ প্রকাশকে সাধুবাদ জানাই। তবে রোডম্যাপ প্রকাশ হলেও আমরা দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে অবগত নই, যার ফলে আমরা অনেকটা আশঙ্কায় পড়েছি যে পরিক্ষায় বিলম্ব, রেজাল্ট বিলম্ব এবং সেশনজটসহ উচ্চশিক্ষায় আবেদন ও চাকরির ক্ষেত্রে জটিলতায় না পড়ে যাই। আমাদের এখন প্রত্যাশা ডিসিইউয়ের প্রকাশিত রোডম্যাপ দ্রুত বাস্তবায়ন হবে।
এ বিষয়ে ডিসিইউয়ের ট্রেজারার অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। শিক্ষার্থীরা দ্রুতই রোডম্যাপের অগ্রগতি দেখতে পাবে আশা করি। শিক্ষার্থীরা সহযোগিতার মানসিকতা নিয়ে পাশে থাকলে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট সাত কলেজের শিক্ষার্থীদের নির্বিঘ্ন ও যথাযথ প্রক্রিয়ায় ডিসিইউ সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে স্থানান্তর এবং অ্যাকাডেমিক পরীক্ষা কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনার লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে সেপ্টেম্বরের শুরুতে সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণ ও অক্টোবরের ২য় সপ্তাহে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
আরএফ
