জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের প্রথম কাউন্সিল আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সংগঠনের সাংগঠনিক কাঠামো সুসংহত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশ অনুযায়ী, সংগঠনের বার্ষিক সাধারণ সভায় প্রথম কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কাউন্সিল সফল করতে প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। এসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আল আমিন সরকার।
নোটিশে বলা হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং গণতান্ত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই প্রথম কাউন্সিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেআই
