‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’—মূলমন্ত্রকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে।
দীর্ঘ তিন দশকের এই পথচলাকে স্মরণীয় করে রাখতে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনের নামকরণ করা হয়েছে ‘তিন দশকে শিকড়’।
সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৯ নভেম্বর শিকড় তার যাত্রা শুরু করেছিল। সময়ের আবর্তনে মুক্ত চিন্তার পথচলায় সংগঠনটি গৌরবের ৩০টি বছর পার করেছে। তিন দশক ধরে শিকড় শাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চিত্রকলাসহ বিভিন্ন ধারার সাংস্কৃতিক চর্চাকে জীবন্ত রেখেছে এবং মুক্তবুদ্ধি ও মানবিক মূল্যবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ৩০ বছর পূর্তির এই আনন্দঘন আয়োজনে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যরা একত্রিত হয়ে উদযাপন করবেন এই দীর্ঘ সাংস্কৃতিক মহাযাত্রা, পাশাপাশি এতে অংশ নেবেন ক্যাম্পাসের অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এবং আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান কর্মসূচি
প্রথম দিন: ১১ সেপ্টেম্বর (শুক্রবার)
- সকাল ৯:০০টায় কিট বিতরণ
- সকাল ১০:০০টায় শোভাযাত্রা
- বেলা ১১:০০টায় কেক কাটা
- বিকেল ৪:০০টায় রিপোর্টিং
- বিকেল ৫:০০টায় শিকড়-এর বর্তমান সদস্যদের পরিবেশনা
- রাত ৮:০০টায় শিকড়-এর প্রাক্তন সদস্যদের পরিবেশনা
- রাত ১০:০০টায় আড্ডা ও রাতের খাবার
দ্বিতীয় দিন: ১২ সেপ্টেম্বর (শনিবার)
- সকাল ১০:০০টায় আড্ডা ও খেলাধুলা (রঙ খেলা, চ্যারেডস, চকলেট দৌড়, পিলো পাসিং)
- দুপুর ১:০০টায় দুপুরের খাবার
- বিকেল ৩:০০টায় মতবিনিময় সভা
- বিকেল ৫:০০টায় ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের পরিবেশনা
- সন্ধ্যা ৬:৩০টায় মণিপুরী নৃত্য
- সন্ধ্যা ৭:০০টায় বাউল গোষ্ঠীর পরিবেশনা
- রাত ৮:৩০টায় বিশেষ অতিথির পরিবেশনা
শিকড়-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন সদস্য, সংস্কৃতিকর্মীসহ সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দকে দুই দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।
যোগাযোগ: মোহাম্মদ মিনহাজ, সভাপতি, শিকড়। মোবাইল: +৮৮০ ১৭৯২-৮৮৬৮১৯
এএমকে
