বিজ্ঞাপন

জবি শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে জকসুর মানববন্ধন

জবি শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে জকসুর মানববন্ধন

কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ৭ একর জমিতে নির্মিতব্য অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ ২০২৬ সালের মধ্যে সম্পন্ন করে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এ সময় বিশেষ বৃত্তির টাকা হস্তান্তরের দাবিও জানায় জকসু।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিক্ষা টেন্ডারবাজি, একসাথে চলে না’, ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন’, ‘এক দুই তিন চার, হল আমার অধিকার’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে জকসু জিএস আব্দুল আলিম আরিফ বলেন, অস্থায়ী আবাসনের বরাদ্দের টাকা নয়ছয় করার জন্য ‘স্থায়ী আবাসন’ নাম দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন্ডারবাজির পরিকল্পনা করছে। শিক্ষার্থীরা যেখানে পুরান ঢাকায় মেসে কষ্টে দিনাতিপাত করছে, সেখানে তাদের বঞ্চিত করে এ ধরনের হীন পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এ বছরেই ১৬০০ শিক্ষার্থীর জন্য কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া তিনি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে হস্তান্তরের দাবি জানান।

জকসু এজিএস মাসুদ রানা বলেন, চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী সময়ে জবির সব আন্দোলনের সাধারণ একটি দাবি ছিল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর। শুধু প্রথম ধাপের কাজ নয়; বরং সামগ্রিক কাজ সেনাবাহিনীর হাতে অর্পণ করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেরানীগঞ্জে ১৬০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসন বাস্তবায়নে তালবাহানা করলে, শিক্ষার্থীদের বঞ্চিত করতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

এ ছাড়া মানববন্ধনে বক্তারা গত ৪ আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থী, জকসু প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের ওপর ছাত্রদলের হামলার বিচার না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর সমালোচনা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানান।

জেডএস