জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারী পানিতে ডুবে মারা গেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সোমবার বেলা ৩টার দিকে চার নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে পুকুর থেকে উঠতে পারলেও অপর দুজন উঠতে পারেননি।
পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মরদেহগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন। তিনি বলেন, ‘পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করে আজই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।’
এসএএস
