বিজ্ঞাপন

ডিসিইউর নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম

ডিসিইউর নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম

২০২৫-২৬ সেশনে সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম। আগামী ২২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগেই সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যাবে এই কারিকুলাম। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংগতি রেখে ডিসিইউ শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের কাজ করছেন বিশেষজ্ঞরা, যা চলতি সপ্তাহে হতে পারে চূড়ান্ত।

ডিসিইউ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্লাস শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীদের জন্য পূর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের পাঠ্যক্রমের পরিবর্তে নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলমান রয়েছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের সঙ্গে মিল রেখে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নে কাজ করছে একটি বিশেষজ্ঞ কমিটি। নতুন কারিকুলামে পূর্বের বাংলা ভার্সনের পরিবর্তে ইংরেজি ভার্সনে ক্লাস-পরীক্ষা ও সিলেবাস প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া, বার্ষিক ফাইনাল পরীক্ষার পরিবর্তে সেমিস্টার সিস্টেম চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত না নিলেও ইতিবাচক চিন্তা করছে ডিসিইউ কর্তৃপক্ষ।

নতুন কারিকুলামে বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম বলেন, নবীন ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে। এ সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা ফাইনাল করব।

তিনি বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সংগতি রেখে কারিকুলাম প্রণয়ন করা হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যেভাবে করা হয় সেভাবেই করা হচ্ছে। আমাদের কমিটির কাজ চলছে। চলমান কারিকুলাম আছে, সেটার সঙ্গে সংগতি রেখে সময়ের প্রেক্ষাপটে যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, সেটা এক্সপার্টরাই করবেন।

সেমিস্টার সিস্টেমের ব্যাপারে তিনি বলেন, সেমিস্টার সিস্টেমের ব্যাপারে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২২ সেপ্টেম্বর ক্লাস শুরুর আগেই অবশ্যই নবীন শিক্ষার্থীদের জন্য কারিকুলাম পৌঁছিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম বলেন, ২০২৫-২৬ সেশনের ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলাদা নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। সংযুক্ত কলেজের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস নেবেন কলেজের বর্তমান শিক্ষকরা।

শিক্ষক নিয়োগের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি থেকে অনুমতির পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের আইন রয়েছে, সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এমওএইচ/এসএএস