কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়ানুবর্তিতা নিশ্চিত এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) অফিস সময় শুরুর পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগ সরেজমিনে পরিদর্শনে বের হন উপাচার্য। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়।
পরিদর্শনের সময় উপাচার্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত।
এ সময় যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সচেতন হওয়ার নির্দেশনা দেন তিনি।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
রিপন শাহরিয়ার/আরএআর
