নজরুল বর্ষ উপলক্ষ্যে কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল অবগাহন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস ফ্যাকাল্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যেখানে নজরুল সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার নানা দিক তুলে ধরা হয়। নজরুল অবগাহন’ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দ্রোহের বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
নজরুল গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, লেখক, উপস্থাপক ও গীতিকার মো. জেহাদ উদ্দিন মুখ্য আলোচক ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ মওলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস ফ্যাকাল্টির ডিন এবং সরকার কর্তৃক নজরুল পুরস্কারপ্রাপ্ত নজরুল গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে নজরুলের সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা হয়। পরে নজরুলসংগীত পরিবেশন করেন ড. প্রিয়াংকা গোপসহ ঢাকা ও কুমিল্লার বিশিষ্ট নজরুলসংগীত শিল্পীরা। তাদের পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
এরপর নজরুলের গানে নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের সদস্যরা। নৃত্যের সঙ্গে নজরুলের গান ও সৃষ্টির আবহে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় কবির কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’কে কেন্দ্র করে নান্দনিক পরিবেশনা উপস্থাপন করা হয়। অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীর আবৃত্তির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের সদস্যরা অংশ নেন এ পরিবেশনায়।
আরএম/আরএফ
