বিজ্ঞাপন

ইবিতে সংকটের নেপথ্যে বাইরের ব্যাড এলিমেন্ট : উপাচার্য

ইবিতে সংকটের নেপথ্যে বাইরের ব্যাড এলিমেন্ট : উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিগত দুই দিন আগে একটা সংকট (ছাত্রদল-শিবির সংঘর্ষ) তৈরি হয়েছে। এই সংকটটি বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্য থেকে তৈরি হয়নি। এই সংকট তৈরির পেছনে বাহির থেকে কিছু ব্যাড এলিমেন্ট এবং ভেতরের কিছু অংশবিশেষ জড়িত। এই ইনভলভমেন্টটি আমাদের গোয়েন্দা রিপোর্টের তথ্য থেকে আসছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে জব কর্নার-২ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে প্রশাসন সহযোগিতা করবে। শিক্ষার্থীদের শিক্ষার মান ও ক্যারিয়ার উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে কোনো অপশক্তি বা ব্যাড এলিমেন্টের কাছে প্রশাসন নতি স্বীকার করবে না। বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো চক্রান্ত যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থেকে সম্মিলিতভাবে তা প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আজ সব বিভাগের চেয়ারম্যান ও অফিস প্রধানদের নিয়ে মিটিং করে সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। ক্লাসরুমে শিক্ষার্থীদের টানা অনুপস্থিতি, পরীক্ষার খাতা মূল্যায়ন ও ইন্টারনাল ইভালুয়েশনের ক্ষেত্রে কিছু গাফিলতি পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে গাইডলাইন দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী প্রাপ্য থেকে কোনোভাবে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে শিক্ষক, চেয়ারম্যান ও ডিনদের বলা হয়েছে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, গ্রন্থাগারিক আবদুল মজিদসহ অন্যান্য উপ-গ্রন্থাগারিক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের কাছে জব কর্নারে শক্তিশালী ওয়াই-ফাই স্থাপন, এর পরিধি বৃদ্ধি এবং রাত ৮টা পর্যন্ত জব কর্নার খোলা রাখার দাবি জানান।

মাওয়াজুর রহমান/আরএআর