চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাত ১০টার দিকে শহীদ আব্দুর রব হলের গেটের ওপরের অংশে নিজ বিভাগের একটি ব্যানার লাগাতে ওঠেন আরিফ। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর কিছুক্ষণ তিনি গেটের ওপর ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরে হলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হলে তিনি নিচে পড়ে যান। এরপর তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বিদ্যুৎস্পৃষ্ট একজন শিক্ষার্থীকে মেডিকেলে নিয়ে আসা হয়। তার অবস্থা বেশি খারাপ হওয়ায় দ্রুত চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার পর আহত শিক্ষার্থী মারা গেছেন।
মো. সারওয়ার হোসেন/এমএন
