আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘লেটস টক ফুটবল’ শীর্ষক সংলাপ। গত ৩ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
‘ফুটবল কোলাবোরেশন থ্রু ইয়ুথ আইজ : এক্সপ্লোরিং স্পোর্টস ডিপ্লোম্যাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কলাবোরেশন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতায় ফুটবলের ভূমিকা নিয়ে আলোচনা হয়। তরুণদের সঙ্গে সংলাপে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও বিশ্ব ফুটবলে দেশটির অবস্থান তুলে ধরেন।
একই সঙ্গে বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারে খেলাধুলার গুরুত্বের কথা বলেন তিনি। এআইইউবির পুরুষ ও নারী ফুটবল দলের শিক্ষার্থীরা সংলাপে অংশ নিয়ে ফুটবল, তরুণদের উন্নয়ন এবং খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।
এ উপলক্ষে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিনিধিত্বকারী দুই দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচের উদ্বোধন করেন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ ছাড়া এআইইউবি ও আর্জেন্টিনা দূতাবাসের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে একটি কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে তরুণদের উন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে এআইইউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবদুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর ড. এস. এ. এম. মনজুর এইচ. খান, জনসংযোগ প্রধান আবু মিয়া আকন্দ তুহিন, জয়ানাল আবেদিন ও সাদি ইসলাম।
ফুটবলকে কেন্দ্র করে তরুণদের সম্পৃক্ততা, সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়া কূটনীতির মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরির প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
