শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (শকৃবি) প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ গবেষক অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ (সংশোধিত-২০২৫)-এর ধারা ১৯(১) অনুযায়ী অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ৬২ জন অধ্যাপককে সংবর্ধনা দিয়েছে, তিনি তাদের একজন।
গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও তার সম্পৃক্ততা রয়েছে। দেশি-বিদেশি একাধিক খ্যাতনামা জার্নালের সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
নতুন এ নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো উপাচার্য পেল শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার দায়িত্ব পড়ল অধ্যাপক শেখরের ওপর।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
এএমকে
