জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন খেলার মাঠ সংস্কারের টেন্ডার ও অর্থ উত্তোলনে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এর প্রেক্ষিতে প্রকল্পে ইতোমধ্যে ব্যায়িত সম্পূর্ণ টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব পদ্ধতিগত ত্রুটি সংশোধন করে পুনরায় যথাযথ উপায়ে টেন্ডার সম্পন্ন করার পর কাজের বিল পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রশাসনিক সভার কার্যবিবরণী থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে নিশ্চিত করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের মাঠ সংস্কার বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ৩টি সিদ্ধান্ত গৃহীত হয়।
টাকা ফেরত প্রদান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের মাঠ সংস্কারের কাজে ইতোমধ্যে ব্যায়িত টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে ফেরত প্রদান করবে। সঠিক প্রক্রিয়ায় টেন্ডার, পদ্ধতিগত ভুল সংশোধন করে যথাযথভাবে টেন্ডারের প্রক্রিয়া অনুসরণ করে কাজ সম্পন্ন করতে হবে এবং মূল্যায়ন কমিটি কর্তৃক প্রদত্ত মূল্যায়ন গ্রহণপূর্বক বিল পরিশোধ করা হবে। কাজ চলমান রাখা, উপরের সিদ্ধান্ত দুটি মেনে তারপর মাঠ সংস্কারের কাজ চলমান থাকবে।
এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন খেলার মাঠ সংস্কারের ৭ লাখ ৩১ হাজার টাকার এই প্রকল্পে Limited Tendering Method (LTM) ব্যবহারে গোপনীয়তা, কাজ শুরুর আগেই পুরো বিল তুলে নেওয়া এবং নিয়মের বাইরে গিয়ে লেকপাড়ের মাটি দিয়ে ভরাটের গুরুতর অনিয়ম উঠে আসে। পরে বিষয়টি নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রিপোর্ট প্রেরণ করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অফিশিয়ালি এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হলো।
মুহাম্মদ সাব্বির/এমএন
