ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৩টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অধ্যাপক সিরাজুল হক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বাদ আসর আগারগাঁও কবরস্থানে (লায়ন হাসপাতালের পেছনে) তাকে দাফন করা হবে।
অধ্যাপক সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক সিরাজুল হক ছিলেন একজন প্রথিতযশা মৃত্তিকা বিজ্ঞানী এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা ও গবেষণায় তার অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এজেডআর/এনএফ
