বিজ্ঞাপন

জবির ক্যাফেটেরিয়া সংস্কারসহ ৫ দাবিতে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

জবির ক্যাফেটেরিয়া সংস্কারসহ ৫ দাবিতে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ার খাবারের মান ও পরিবেশ উন্নয়ন, খাবারে ভর্তুকি, ছাত্রী হলের খাবার ও পানির সমস্যা সমাধানসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় বিশ্ববিদ্যালয়ের লিফট মেরামত করে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির নেতারা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবারের মান, পরিচ্ছন্নতা ও খাবারের বৈচিত্র্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের কথা তুলে ধরেন। পাশাপাশি, ছাত্রী হলের খাবার ও পানির ব্যবস্থাপনা এবং বিভিন্ন ভবনের লিফট নিয়েও সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।

জাতীয় ছাত্রশক্তির পাঁচ দফা দাবি হলো—
১. ক্যাফেটেরিয়ার পরিবেশ ও খাবারের মান উন্নয়ন : আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে ক্যাফেটেরিয়া নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও খাবারের মান উন্নত করা। পাশাপাশি, খাবারের বৈচিত্র্য বাড়িয়ে অন্তত ১০ ধরনের ভর্তা-ভাজির ব্যবস্থা করা।
২. ক্যাফেটেরিয়ার খাবারে ভর্তুকি : আগামী অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ার খাবারে মাসিক পাঁচ লাখ টাকা ভর্তুকি দেওয়া।
৩. বিনামূল্যে খাবার বিতরণ বন্ধ : বিভিন্ন গ্রুপের মাধ্যমে ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার খাওয়ার ব্যবস্থা বন্ধ করতে হবে।
৪. ছাত্রী হলের খাবার ও পানির সমস্যা সমাধান : ছাত্রী হলগুলোতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধ করা। একই সঙ্গে, পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। সংগঠনটির দাবি, দীর্ঘদিন পানির ট্যাংক পরিষ্কার না করায় পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হচ্ছে।
৫. লিফটের নিরাপত্তা নিশ্চিত : শহীদ সাজিদ ভবনের ১২ দিন ধরে বন্ধ থাকা লিফট দ্রুত মেরামত করতে হবে। পাশাপাশি, ছাত্রী হলের লিফটগুলোর নিরাপত্তাজনিত সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাবারের মান, পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। ক্যাফেটেরিয়া ও হলের খাবার-পানির বিষয়গুলো শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত। তাই এসব সমস্যা দীর্ঘদিন ফেলে না রেখে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু খাবারের মান উন্নয়ন নয়, শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে খাবার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, পানির ট্যাংক পরিষ্কার রাখা এবং লিফটের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় ক্যাফেটেরিয়া, হলের খাবার, পানি ও লিফট নিয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমরা পাঁচ দফা দাবি জানিয়েছি। খাবারের মান ও বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি ভর্তুকির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী খাবার নিশ্চিত করতে হবে। ছাত্রী হলের খাবার ও পানির ব্যবস্থাপনা এবং লিফটের নিরাপত্তার বিষয়েও প্রশাসনকে গুরুত্ব দিতে হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএএস