‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নেতাকর্মীরা। ক্যাম্পাসে সব মতের শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিত ও সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া বজায় রাখার দাবিতে এ মিছিল করেন তারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘রাজনীতি যার যার, শিক্ষা সবার’, ‘শিক্ষার অধিকার কেড়ে নেওয়া চলবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি দেখা যায়।
তবে সংগঠনটির বিক্ষোভ মিছিলের বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রসাশন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, 'আজকের সকালের মিছিলের বিষয়ে আমি জানি না, আমার কাছে এ রকম কোন তথ্য বা ভিডিও ফুটেজ নেই।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান বলেন, আজকে আমাদের হলিডে ছিল, আমি তো বিশ্ববিদ্যালয় যাইনি।
প্রক্টর বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন আজ পুরো রাজধানী ও সারাদেশে মিছিল-মিটিং করছে। আওয়ামী লীগ তো লুকিয়ে আছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে আসে না। তবে আমাদের সতর্ক থাকতে হবে।
এনটি
