বিজ্ঞাপন

‘ফোর্সড টু ফ্লি ’ চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত, সেরা জাবির ‘মানব’

‘ফোর্সড টু ফ্লি ’ চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত, সেরা জাবির ‘মানব’

ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালার সমাপনী ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মশালার সমাপ্তি ঘটে। কর্মশালায় অংশগ্রহণকারীরা চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন কারিগরি দিক শেখার পাশাপাশি 'ফোর্সড টু ফ্লি' থিমকে কেন্দ্র করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

মাসব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের কালার গ্রেডিংসহ মোবাইল চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয় কৌশল শেখানো হয়। কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি শরণার্থীদের বাস্তব অভিজ্ঞতা এবং তাদের সহায়তায় ইউএনএইচসিআরের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে জুরি প্যানেল ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সেরা পাঁচটি দলকে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচন করে। দলগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের স্কুল অব সোশ্যাল সাইন্সেসের ডিন এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ড. সুমন রহমান। এছাড়া স্বাগত বক্তব্যে ডিআইএমএফএফ ২০২৭-এর ইন্সট্রাক্টর ও কো-অ্যাডভাইজর মীর ওয়াদুদ ইসলাম বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সময় ও দিকনির্দেশনা দেওয়ার জন্য ইউএনএইচসিআরের প্রতিনিধিদের ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা আমাদের প্রকল্প ও এর উদ্দেশ্য আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।

ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সংস্থাটির অ্যাসোসিয়েট এক্সটার্নাল রিলেশনস অফিসার কেভিন লিন্ডব্লম বলেন, এই কর্মশালায় তৈরি গল্প ও চলচ্চিত্রগুলো আমাকে সত্যিই স্পর্শ করেছে। শিক্ষার্থীদের কৌতূহল ও নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার আগ্রহ এসব গল্পকে নতুন একটি কণ্ঠ দিয়েছে।

চলচ্চিত্র প্রদর্শনী শেষে ডিআইএমএফএফ ২০২৭-এর জুরি সদস্য মো. হাফিজউদ্দিন মুন্না ও ইশতিয়াক আহমাদ জিহাদ শিক্ষার্থীদের কাজ নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। তারা বলেন, আমাদের চারপাশে অসংখ্য গল্প ছড়িয়ে রয়েছে। তরুণ প্রজন্মের কাজ হলো সেই গল্পগুলো সবার সামনে তুলে ধরা।

পরে জুরি প্যানেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘মানব’ দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। বিজয়ী দল পুরস্কার হিসেবে ইউএনএইচসিআরের সহায়তায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে একদিনের ভ্রমণের সুযোগ পাবে। পাশাপাশি অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিজয়ী ‘মানব’ দলের সদস্যরা জানান, এটি ছিল আমাদের জন্য একটি অপ্রত্যাশিত ও অর্থবহ যাত্রা। কর্মশালার মাধ্যমে আমরা নিজেদের ভেতরের প্রতিভাকে নতুনভাবে আবিষ্কার করেছি। গানের মাধ্যমে গল্প বলার এই অভিজ্ঞতা আমাদের জন্য দারুণ আনন্দের ছিল।

ডিআইএমএফএফ ২০২৭-এর সিনিয়র লেকচারার ও অ্যাডভাইজর সৈয়দা সাদিয়া মেহজাবিনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএন

বিজ্ঞাপন