আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বোর্ডের ২০২তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান ও ইশতিয়াক আবেদীন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
ড. হাসানুল এ. হাসান একজন শিক্ষানুরাগী এবং সফল ব্যবসায়ী। তিনি কেমলুব লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক। এ ছাড়া তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের (এডিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীন একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়ন ও অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। জনাব ইশতিয়াক আবেদীন এআইইউবির ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নব দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আরএফ
