পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মহব্বতে মুস্তফা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রশংসা ও নবীপ্রেমমূলক বিভিন্ন নাত, হামদ ও ইসলামি সংগীত পরিবেশন করেন সংগঠনটির সদস্যরা। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘তালা‘আল বাদরু আলাইনা’, ‘কামলিওয়ালা’, ‘নবী মোর পরশমণি’, ‘জাহানের সর্দার তুমি’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘ইয়া সাইয়্যিদিনা’সহ বিভিন্ন সংগীত পরিবেশনের মাধ্যমে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
নাত ও সংগীত পরিবেশনায় ছিলেন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান, সহকারী পরিচালক ইয়াছিন আরাফাত, ওয়ায়েস কুরুনী, হাদিউল ইসলাম, সাইফ উদ্দিন, আল মামুন, মাসুদসহ সংগঠনটির সদস্যরা।

ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পরিচালক আবু সুফিয়ান বলেন, ‘মহব্বতে মুস্তফা’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁর আদর্শের প্রতি সম্মান প্রকাশ করা। নবীজি (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, মানবিকতা ও ন্যায়বিচারের অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর পবিত্র জীবন ও শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে অনুসরণ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর আদর্শ ও চরিত্রের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা চাই, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নবীপ্রেমের চেতনা শিক্ষার্থীদের মাঝে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. আবদুল করিম, এসএসএসের সাবেক নির্বাহী পরিচালক আব্দুস সালাম, ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
মাওয়াজুর রহমান/এমএমবি
