জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই পক্ষকে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা যায়।
এ সময় দুই পক্ষকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি। তবে হাতাহাতিতে জড়িত ব্যক্তিরা সংগঠনের কোন ইউনিটের বা তাদের পরিচয় কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেন্দ্রীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, ‘এখানে হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। কথা-কাটাকাটি হওয়ার পর দুজনকে দুদিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজন মোজো জার্নালিস্ট অনুষ্ঠান কাভার না করে দ্রুত ঘটনাস্থলে চলে যান। পরে তাদের ক্যামেরা নামানোর জন্য অনুরোধ করা হলে তারা বিষয়টিকে তাদের কাজে বাধা হিসেবে দেখেছেন। তবে সেখানে হাতাহাতির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।’
তিনি বলেন, ‘এরপরও যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, সে জন্য ছাত্রশক্তির নেতৃবৃন্দ তাৎক্ষণিক আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তবে ঘটনাটিকে যেভাবে হাতাহাতি হিসেবে প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। বিভিন্ন ভিডিও দেখলেও দেখা যাবে, মূলত সাংবাদিকদের ক্যামেরা নামাতে বলা হয়েছিল। যেহেতু সেখানে বড় কোনো ঘটনা ঘটেনি, তাই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা হওয়ার সুযোগ তৈরি হয়েছে।’
এজেডআর/এনটি
