বিজ্ঞাপন

ঢাবিতে নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

ঢাবিতে নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘ইনডাকশন ওয়ার্কশপ ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার্স’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ড. শাদাত আলী কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৮ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের দক্ষতা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, আচরণবিধি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেওয়ার আহ্বান জানান। 

তিনি বলেন, শিক্ষকতা পেশায় দক্ষতা অর্জনের কোনো নির্দিষ্ট সীমা নেই। তাই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের নিয়মিত নিজেদের সমৃদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক সেকশন থেকে সেবা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

তিনি নবীন শিক্ষকদের লেকচার নোট নিয়মিত হালনাগাদ ও কোর্সের বিষয়বস্তু আধুনিকায়নের মাধ্যমে পাঠদানকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। 

এজেডআর/জেআই