ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের আঙিনা পরিচ্ছন্ন রাখতে ঢাকা কলেজ সংলগ্ন ফুটপাত উচ্ছেদ কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে এ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ঢাকা কলেজের সামনে অনিয়ন্ত্রিত হকারদের বসতির কারণে ক্যাম্পাসের সৌন্দর্য বিনষ্ট হচ্ছিল এবং জমাটবদ্ধ পানি ও ময়লা-আবর্জনার ফলে ডেঙ্গুর ঝুঁকি তৈরি হচ্ছিল। ফলশ্রুতিতে, ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা এবং ডেঙ্গু যেন বিস্তার লাভ করতে না পারে সে লক্ষ্যে হকার উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যাতে কলেজের আঙিনায় পানি জমে না থাকে এবং সার্বিক সচেতনতা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, তারেক রহমান কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩ দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে এবং পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আজ ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা ও সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়েছে।
এর আগে বিকেল ৪টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা করে শাখা ছাত্রদল। এতে ক্যাম্পাস প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।
এমওএইচ/জেআই
