ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে উপাচার্য চত্বর থেকে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণের সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ও এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত কার্যকর অভিযান চালানোর দাবি জানানো হয়েছে। এর আগে গত ৪ আগস্ট উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার যে দাবি জানানো হয়েছিল, সেগুলো বাস্তবায়নের বিষয়েও প্রশাসনকে তাগাদা দেওয়া হয়েছে।
সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ছাত্রদল নিজেদের সাংগঠনিক উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন কর্মসূচি চালাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বড় পরিসরে কোনো কর্মসূচি নিলে প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবার মাধ্যমে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সংগঠনের হল শাখাগুলো সংশ্লিষ্ট হল প্রশাসনের কাছে স্মারকলিপি দেবে এবং আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে।
এজেডআর/জেআই
