বিজ্ঞাপন

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর জায়গায় গোলাম আযমকে জুতাপেটার ছবি

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর জায়গায় গোলাম আযমকে জুতাপেটার ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে সেখানে গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি টাঙিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিটি টাঙান।

সরেজমিনে দেখা যায়, জিন্নাহর ছবি যে জায়গায় প্রদর্শন করা হয়েছিল, সেই স্থানে ১৯৮১ সালে বায়তুল মোকাররম এলাকায় গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি লাগানো হয়েছে।

এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) সংস্কার কাজ শেষে ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত ঐতিহাসিক সংগ্রহশালাটি পুনরায় উদ্বোধন করা হয়। সেখানে জিন্নাহর ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্যের সময়কার একটি ছবি প্রদর্শন করা হয়। পাশাপাশি ১৯৪০ সালের লাহোর প্রস্তাবসংক্রান্ত একটি গ্রুপ ছবি এবং ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি-সম্বলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি প্রতিবেদনও প্রদর্শন করা হয়।

জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে এরই মধ্যে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ছবিগুলো প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেগুলো সরানোর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার কথা জানিয়েছে।

একই সঙ্গে, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার ডাকসু সংগ্রহশালায় গিয়ে প্রদর্শিত ছবিগুলো ছিঁড়ে ফেলেন।

এদিকে, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন এবং পরবর্তী সময়ে তা সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সংগ্রহশালায় প্রদর্শিত ছবি নিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রশাসনিক কাঠামোর বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না।

এজেডআর/এসএএস