বিজ্ঞাপন

ফকির আলমগীরের মরদেহে ঢাবি ভিসির শ্রদ্ধা

ফকির আলমগীরের মরদেহে ঢাবি ভিসির শ্রদ্ধা

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মরদেহে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শনিবার (২৪ জুলাই) ফকির আলমগীরের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে ভিসি এই শ্রদ্ধা জানান।

এর আগে এক শোক বার্তায় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফকির আলমগীর ছিলেন খ্যাতিমান ও জনপ্রিয় পপ সংগীত শিল্পী। তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত গেয়েছেন।

তিনি আরও বলেন, বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী হিসেবে স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে ফকির আলমগীর অসাধারণ অবদান রেখেছেন। তিনি ছিলেন সংগীতাঙ্গনে সৃজনশীলতার এক বিশেষ ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। সংগীতে অসামান্য অবদানের জন্য জনপ্রিয় এই শিল্পী স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

টানা আট দিন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে শুক্রবার (২৩ জুলাই) রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফকির আলমগীর। রাত ১০টা ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

এইচআর/এমএইচএস