বিজ্ঞাপন

যশোরে সাবেক স্ত্রীর বিয়েতে স্বামীর বোমা হামলা

অ+
অ-
যশোরে সাবেক স্ত্রীর বিয়েতে স্বামীর বোমা হামলা

সাবেক স্ত্রীর বিয়ে হচ্ছিল অন্যত্র। আর তাই বিয়েবাড়িতে বোমা হামলা চালিয়েছেন সাবেক স্বামী শুভ ও তার সহযোগীরা। সোমবার রাতে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

পুলিশ শুভকে ধরতে না পারলেও তার দুই সহযোগীকে দুটি বোমা ও একটি চাকুসহ আটক করেছে। আটক অয়ন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাসুম হোসেনের ছেলে ও আমানউল্লাহ একই এলাকার ওহাব আলীর ছেলে।

জানা গেছে, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার ভাঙাড়ি (পুরাতন লোহা লক্কড়) ব্যবসায়ী শুকুর আলীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার জাকিরের ছেলে শুভর। তারা পালিয়ে বিয়েও করেছিলেন। বিয়ের পাঁচ মাস পর তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যায় ওই মেয়ে। 

পরে শুকুর আলী তার মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করেন। সোমবার রাতে ছিল বিয়ের অনুষ্ঠান। সব আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের বিদায় দেন পরিবারের লোকজন। দেরিতে হলেও শুভ তার সাবেক স্ত্রীর বিয়ের সংবাদ জানতে পারেন। পরে ক্ষিপ্ত হয়ে রাত ১১টার দিকে সহযোগী অয়ন ও আমানউল্লাহকে নিয়ে বিয়েবাড়িতে দুটি বোমা বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। 

বিজ্ঞাপন

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান বলেন, বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমানউল্লাহ ও অয়ন নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি বোমা ও একটি চাকু উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশও উদ্ধার করে আনা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ হাসান

বিজ্ঞাপন