বিজ্ঞাপন

প্লাস্টিক ও পলিথিনে যেন হাওরের পরিবেশ নষ্ট না হয় : রাষ্ট্রপতি

অ+
অ-

পরিবেশের ভারসাম্য  রক্ষায় প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ব্যবহারে জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহার যেন হাওর এলাকার পর্যটনের পরিবেশ নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে।  পরিবেশ রক্ষায় সবাইকে  সতর্ক থাকতে হবে।’

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অস্টগ্রামে পেশাজীবী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, হাওরের উন্নয়ন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

পরিবেশকে রক্ষা করে অর্থনীতি ও জীবন মানের কীভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজনীতিবিদদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আপনারা জনগণ ও ভোটারদের প্রশ্ন করুন, আপনাদের প্রতি তাদের কোনো অভিযোগ আছে কিনা। তাহলে জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্ক এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিশ্বজুড়ে পরিবেশ-বিষয়ক চিন্তাধারায় টেকসই উন্নয়নের ধারণা শক্তিশালী হয়েছে উল্লেখ করে হামিদ বলেন, পরিবেশ ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি হামিদ মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশলা সেতু পরিদর্শন করেন। এরপর তিনি মিঠামইন থেকে ১৬ কিলোমিটার দূরত্বে মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়কের ‘আই লাভ অষ্টগ্রাম’ পয়েন্টে ‘পর্যটনে অষ্টগ্রাম’-এর শুভ উদ্বোধন করেন।
পরে অষ্টগ্রামে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেতু পরিদর্শন করেন।

এসময় সংসদ কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজোয়ান আহম্মেদ তৌফিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

এসকে রাসেল/এমএইচএস

বিজ্ঞাপন