বিজ্ঞাপন

জিএম কাদের ভাবির সঙ্গে বেঈমানি করেছেন : চিফ হুইপ

জিএম কাদের ভাবির সঙ্গে বেঈমানি করেছেন : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, যাদের নিজেদের দলের মধ্যে গণতন্ত্র নেই, নিজেদের দলের মধ্যে যাদের কোনো নিয়ম-কানুন নেই, মা মৃত্যুমুখে জেনেও যে ছেলে (তারেক জিয়া) দেখতে আসেনি, ছোট ভাইকে কবর দিতেও যে আসেনি, সে কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবে। সে আপনাদের বিপদে বিদেশ থেকে যে আসবে, এ কথা পাগলেও বিশ্বাস করবে না।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চিফ হুইপ আরও বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির নেতা বানানো হয়েছে। কিন্তু এরশাদ সাহেবের ভাই (জিএম কাদের) ভাবির সঙ্গে বেঈমানি করেছেন। হঠাৎ করে চিঠি দিয়ে বলেন- ভাবির পোস্ট থাকবে না, ভাবিকে নেতা হিসেবে মানি না। যে ভাইয়ের কারণে জিএম কাদের সাহেব বারবার মন্ত্রী হয়েছেন, যে ভাইয়ের কারণে আপনি দলের নেতা হয়েছেন আজকে সেই ভাইয়ের স্ত্রীকে আপনি মানেন না। তাই ভবিষ্যতে আপনি চেয়ার পেলে কী করবেন তা মানুষ বুঝে। যে নিজের ভাবির সাথে বেঈমানি করতে পারে, সে বাংলাদেশের সাথেও বেঈমানি করতে পারে। তাই যাদের নিজের দলের ওপর আস্থা নেই, নিজের পরিবারের ওপর আস্থা নেই, তারা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না।

সভায় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চেীধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাকিব হাসান/আরএআর