বিজ্ঞাপন

স্বরূপকাঠি ঘুরে দেখলেন গঙ্গা বিলাসের পর্যটকরা

স্বরূপকাঠি ঘুরে দেখলেন গঙ্গা বিলাসের পর্যটকরা

ভারতীয় প্রমোদতরী গঙ্গা বিলাসের পর্যটকরা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা ঘুরে দেখেছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিলাসবহুল এই প্রমোদতরীর ২৮ জন পর্যটক স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ঘুরে দেখেন। ২৮ পর্যটকের মধ্যে ২৭ জন সুইজারল্যান্ডের ও একজন জার্মান নাগরিক।

জানা গেছে, সকালে বরিশালের বানারীপাড়া ফেরিঘাট থেকে দুটি ট্রলারে রওয়ানা হয়ে গঙ্গা বিলাস জাহাজের সিও রাজ সিং ও জার্নি প্লাস ট্যুর কোম্পানির সিও তৌফিক রহমানের নেতৃত্বে ২৮ জন পর্যটক ঝালকাঠির ভীমরুলি খাল হয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থানায় পৌঁছান। এ সময় ফুল দিয়ে তাদের স্বাগত জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন ও নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন।

dhakapost

পরবর্তীতে পর্যটকরা স্বরূপকাঠি বন্দর বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে পর্যটকরা স্থানীয় কাঠ ব্যবসায়ী, দোকানদার এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন। দুপুরের পর মাইক্রোবাস যোগে কুড়িয়ানা থেকে নবগ্রাম হয়ে পর্যটকরা বরিশালের উদ্দেশে চলে যান। 

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হাসান বলেন, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল। তাদের কোনো সমস্যা হয়নি এবং তাদের যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করা হয়েছে। তারা হাসিমুখে পিরোজপুর থেকে ফিরে গিয়েছেন।

আবীর হাসান/আরএআর