বিজ্ঞাপন

সিলেটে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

অ+
অ-
সিলেটে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেটের গোয়ানঘাট উপজেলার ইস্তি গ্রামের তমজিদ আলী হত্যা মামলার প্রায় ২২ বছর পর চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুলাই) সিলেট বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিভাগীয় স্পেশাল জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোয়ানঘাট উপজেলার ইটাছকি গ্রামের তুরাব আলীর ছেলে আব্দুর রব, ইদ্রিস আলীর ছেলে আব্দুর রহমান, একই উপজেলার ইস্তি গ্রামের আব্দুল হান্নানের ছেলে রইস আলী ও নুর মিয়ার ছেলে ফজল উদ্দিন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্পেশাল জজ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) মো. ফখরুল ইসলাম ও আদালতের পেশকার মোহাম্মদ আহমদ আলী।

বিজ্ঞাপন

রায়ের বরাত দিয়ে পেশকার মোহাম্মদ আহমদ আলী জানান, এই মামলায় মোট ১৫ জন আসামি ছিলেন। এর মধ্যে সাজিদুর রহমান নামের এক আসামি মামলা চলাকালে মারা যান। দণ্ডপ্রাপ্ত চার আসামি জামিনে ছিলেন। আজ মামলায় রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৮ আগস্ট সকাল সাড়ে ৬টায় গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তমজিদ আলীকে। ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০২ সালের ২ মার্চ এই মামলার চার্জশিট দাখিল করা হয়। পরে ২০০৩ সালের ৫ নভেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন সদর সার্কেলের এএসপি সিদ্দিকী তানজিলুর রহমান। মামলার দীর্ঘ শুনানি শেষে ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আদালত এ রায় দেন।

মাসুদ আহমদ রনি /এএএ

বিজ্ঞাপন