বিজ্ঞাপন

১১ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

১১ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইলে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ জুন) বেলা সা‌ড়ে ১০টার পর স্বাভা‌বিক হয় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। ত‌বে এখনও সেতুপূর্ব থানা থেকে টোলপ্লাজা পর্যন্ত কিছুটা যানজট র‌য়ে‌ছে।

এর আগে, গতকাল রাত ১১টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হ‌য়। এতে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়।

স‌রেজ‌মি‌নে বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা বাসস্ট্যান্ড, ভুঞাপুর লিঙ্ক‌রোড এলাকায় কোনো যানজট বা ধীরগ‌তি নেই। এর আগে এইদিন ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে কালিহাতীর পৌ‌লি পর্যন্ত ১৫ কি‌লো‌মিটার অং‌শে উত্তরবঙ্গগামী লে‌নে যানজট ছিল। তবে বর্তমা‌নে যানজট ক‌মে ৮ কি‌লো‌মিটা‌রে গি‌য়ে ঠে‌কে‌ছে। এতে মহাসড়‌কের সল্লা হ‌তে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা পর্যন্ত সড়‌কে যানজট ছিল।

বঙ্গবন্ধু সেতু সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা। গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ৩৪ হাজার ২৩৬টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ২২ লাখ ১০ হাজার ৪৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ১৭ হাজার ৬৫৫টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকা। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, মহাসড়কে গাড়ির চাপ কম। কোথাও কোনো যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।

অ‌ভি‌জিৎ ঘোষ/আরকে