টাঙ্গাইলে মাদক মামলায় মো. উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবককে সাত বছর ও তার স্ত্রী সেলিনা আক্তারকে (২৭) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ওই দুইজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. নাজিমুদৌলা এ রায় দেন। রায়ের দিন আসামি উজ্জ্বল কারাগারে থাকলেও তার স্ত্রী জামিন নেওয়ার পর থেকেই পলাতক আছেন।
দণ্ডিত উজ্জ্বল টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে। তাকে ৩০ হাজার টাকা ও তার স্ত্রী সেলিনাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, টাঙ্গাইল সদর থানার পুলিশ ২০১৮ সালের ২৮ জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে আগবেথৈর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় উজ্জ্বল ও তার স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে। এ সময় উজ্জলের দেহ তল্লাশি করে ২০০ এবং সেলিনার কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরদিন টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা বাদী হয়ে তাদের নামে থানায় মামলা করেন। ২০১৮ সালের ৭ মার্চ উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়ার পর থেকে উজ্জ্বল হোসেন কারাগারে আছেন। তার স্ত্রী সেলিনা মামলা চলাকালে জামিন পেয়ে পলাতক রয়েছেন।
অভিজিৎ ঘোষ/এফআরএস
