বিজ্ঞাপন

নোয়াখালীতে আব্দুল হান্নান মাসউদ

ভারত শেখ হাসিনাকে মসনদে বসিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে

অ+
অ-
ভারত শেখ হাসিনাকে মসনদে বসিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ভারত তার এজেন্ট শেখ হাসিনাকে মসনদে বসিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে। শুধু দেশকে ধ্বংস করে শেষ হয় নাই, দিল্লিতে বসে এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। 

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ মাঠে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে ড. ইউনূসের হাতকে শক্তিশালী করতে হবে। অপরাধীর চোখের দিকে তাকিয়ে তাকে অপরাধী বলতে হবে। আমাদের দেশের মাটির প্রতি কোনো দেশ যদি হাত বাড়ায়, সেই হাত আমরা ভেঙে দেব।

তিনি আরও বলেন, দিল্লিতে বসে যে ষড়যন্ত্র হচ্ছে সে ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  যে দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান একসঙ্গে বসে খায়, একসঙ্গে স্লোগান ধরে, সেই দেশ কখনো সাম্প্রদায়িক দেশ হতে পারে না।

বিজ্ঞাপন

জুলাইয়ের অভ্যুত্থানের কথা স্মরণ করতে গিয়ে তিনি হাতিয়াবাসীর উদ্দেশে বলেন, এখানে বৈষম্যবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। এখানে বৈষম্যবিরোধী লড়াই হয় নাই বলে দ্বীপবাসী এখনো এর তাৎপর্য  বুঝতে পারেনি।

এ সময় স্থানীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমালোচনা করে হান্নান বলেন, ফ্যাসিস্টের দোসর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী নিজের রাজনীতির স্বার্থে যখন যাকে ইচ্ছে তাকে হত্যা ও নির্যাতন করেছে। এ পর্যন্ত ৩৫ জনকে হত্যা করেছে তার মতের বিরুদ্ধে থাকায়। এ এলাকার মানুষ জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পেয়েছে।

হান্নান বলেন, ফ্যাসিস্টের দোসর মোহাম্মদ আলীর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের পর যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নতুন করে হাতিয়ায় আর কোনো চাঁদাবাজি চলবে না। যেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে, সেখানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করে তাদের আইনের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

হাতিয়া উপজেলার শিক্ষাবিদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আব্দুল হান্নান মাসউদের বাবা আব্দুল মালেক, চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ রিটনের বাবা আবুল কালাম, বুড়িরচর আহাম্মদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক রাজ বিহারী, হাতিয়া উপজেলা মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/আরএআর