বিজ্ঞাপন

জামালপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

জামালপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে আতাউর রহমান বিপুল (৪৫) নামের একজনকে প্রকাশ্যে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিপুল ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় বিপুলের স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগম (৬৫) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারাকান্দি গ্রামের তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেলের সঙ্গে তার চাচাতো ভাই বিপুল মিয়ার বসতবাড়ির ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিপুল মিয়া বিরোধপূর্ণ জমি থেকে দুইটি গাছ কাটেন। এ সময় গাছ কাটাকে কেন্দ্র করে বিপুলের সঙ্গে আপেলের মা আনোয়ারা বেগমের কথা কাটাকাটি হয়। পরে আপেল ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে আলাদা করে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এ সময় বিপুলের মা আছমা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে একটি হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মুক্তা ও আসমা বেগমের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

মুত্তাছিম বিল্লাহ/এমজেইউ 

বিজ্ঞাপন