বিজ্ঞাপন

পাউবোর ৩৩ লাখ টাকার প্রকল্পে দুর্নীতি ২৬ লাখ

পাউবোর ৩৩ লাখ টাকার প্রকল্পে দুর্নীতি ২৬ লাখ

খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়ার্কশপে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর জোড়াগেটে অবস্থিত প্রতিষ্ঠানটিতে প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেই অনিয়ম দেখতে পান দুদকের কর্মকর্তারা। এ সময় ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছেন তারা। 

দুদকের কর্মকর্তারা জানান, মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হওয়ার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরে পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের খুলনার উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের একটি কাজ ছিল ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার। যার ৭টি আইটেম রয়েছে। এর মধ্যে ৫টি মেরামত, যা স্বল্প মূল্যের। এছাড়া ২টি মেকানিক্যাল, যা ২৬ থেকে ২৭ লাখ টাকার হবে। আমরা সরেজমিন বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। ২৬ থেকে ২৭ লাখ টাকার মেকানিক্যাল সাইড দুটির কোনো কাজ পাওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও রয়েছে ব্যাপক অনিয়মের চিত্র। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অভিযানে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।  

মোহাম্মদ মিলন/আরএআর

বিজ্ঞাপন