নিখোঁজের ১৬ ঘণ্টা পর নদীর পাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর বসত বাড়ির পেছনে শীতলক্ষ্যা নদীর পার থেকে ছয় বছর বয়সী শিশু সিফাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে কাপাসিয়ার মধ্যপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর পারে বালুর গদির পাশের ঝোপঝাড়ে সিফাতের বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
শিশুটির পরিবার জানায়, নিহত শিশু সিফাত (৬) কাপাসিয়া উপজেলার দর্স্যুনারায়নপুরের বড়টেক এলাকার সোহাগ হোসেনের ছেলে। সে গতকাল মঙ্গলবার কাপাসিয়া মধ্যপাড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে দুপুর দেড়টার দিকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে সিফাতের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশু সিফাতের গাড়ের ডান পাশে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত চলছে, দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শিশু সিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিহাব খান/এএমকে