রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল পৌনে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ভাদালেপোল এলাকায় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। এ সময় তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে।
নিহত জোহরা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনের পাশে তিনটি ছাগল বাঁধা ছিল। বিকেলে সেই ছাগল আনতে যান জোহরা। ছাগলগুলো কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান জোহরা। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার দুটি ছাগলও মারা যায়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রেললাইনের ওপর থেকে ছাগল আনতে গিয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মীর সৌরভ/এএমকে
