গাজীপুরের টঙ্গী ও মৌচাকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এরপর ওই দুই মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। মহাসড়ক ছেড়ে দিলেও সংশ্লিষ্ট কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে বকেয়া বেতন, ওভারটাইমসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। বেলা ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।
আরও পড়ুন
অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে অবস্থিত গ্লোবাস কারখানার এক শ্রমিককে মারধরের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা এসে বুঝিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শিহাব খান/এএমকে
