ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে বাড়ি ফিরছে মানুষ। এর ফলে ঈদযাত্রার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি। এদিকে যমুনা সেতু ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা৷
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ২৮৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১৯০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। মানুষ স্বস্তিতে গন্তব্য পৌঁছাচ্ছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।
আরিফুল ইসলাম/এমএন
