বিজ্ঞাপন

দাদার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

দাদার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

যশোর সদর উপজেলার দেয়াড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জিহাদ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের এড়েন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। সে তার দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, ছুটিপুর রোড ধরে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে হঠাৎ পেছনে ছিটকে পড়ে যায় জিহাদ। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএমকে

বিজ্ঞাপন