ফেনীর ফুলগাজীতে কোন্দলের জের ধরে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে শরীর থেকে হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সাতদিন পর ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে ফুলগাজী থানায় এ মামলা করেন। এতে মুন্সিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম কালাকে প্রধান ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনামুল হক রেদোয়ানকে দুই নম্বর আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান ঢাকা পোস্টকে মামলার তথ্য নিশ্চিত করেছেন। মামলায় অন্য আসামি হলেন স্থানীয় বিএনপিকর্মী বেলাল হোসেন।
টিআর-কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মীর হোসেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার লেদু মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এর আগে গত ২৯ জুলাই বিকেলে মীর হোসেন ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনার সাতদিন পর বাদী থানায় এসে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তারেক চৌধুরী/এমটিআই
