বহিষ্কৃত সাবেক তিন নেতাকে দালাল আখ্যায়িত করে কুশপুত্তলিকা দাহ করেছেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) নেতারা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যান্য সব নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে করা বিক্ষোভ শেষে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক নেতা রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, একটা দালাল চক্র, যার মধ্যে রয়েছে রুহুল আমিন হাওলাদার, শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নু। যারা কিনা গেল নির্বাচনে নিজেদের নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে প্রচারণা চালিয়েছেন, তারা এখন জাতীয় পার্টিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র চালাচ্ছেন। সেই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে আমরা সর্বদা প্রস্তুত আছি। সেইসঙ্গে রংপুর বিভাগে এই দালাল চক্রকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা যেখানেই তাদের দেখতে পাবো সেখানেই বাজপাখির মতো উড়ে গিয়ে রংপুরের রাজপথে নিয়ে এসে যা করা প্রয়োজন সেটা করব।
সিলেটের সাদা পাথরকাণ্ডে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ করা উচিত উল্লেখ করে মোস্তফা বলেন, এ ধরনের অযোগ্য কিছু উপদেষ্টা আজকে এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। চর দখলের মতো বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে। একটি পর্যটনকেন্দ্র থেকে ট্রাক দিয়ে হাজার হাজার টন পাথর তুলে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না, আইনশৃঙ্খলা নেই। ড. রিজওয়ানা হাসানের এক সেকেন্ডও ক্ষমতায় থাকা উচিত নয়, দ্রুত তার পদত্যাগ করা উচিত।
আরও পড়ুন
এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে মোস্তফা বলেন, যেখানে প্রধান উপদেষ্টা কয়েকবার বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেখানে এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী সাহেব বলছেন, বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তারা কার? তাদের কত শক্তি? তারা সরকারকে টার্ন দিতে পারে এমন চিন্তা করছেন। দেশের এই রকম একটি অস্থিতিশীল সময় কাজে লাগিয়ে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোস্তফা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। দেশের সাংবাদিকরাও বিরাট ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করছেন। দিনের আলোয় সাংবাদিককে জবাই করে হত্যা করা হচ্ছে কিন্তু বিচার হচ্ছে না, জানি হবেও না। সাগর-রুনি হত্যা মামলার বিচার হয় নাই। সেজন্য বলছি এ দেশটা কিভাবে চলবে সেটার একটি দিকনির্দেশনা প্রয়োজন। এজন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
