বিজ্ঞাপন

ফেনী পুলিশ লাইনে সহকর্মীর বটির কোপে আহত আনসার সদস্য

ফেনী পুলিশ লাইনে সহকর্মীর বটির কোপে আহত আনসার সদস্য

ফেনী পুলিশ লাইনে সহকর্মীর বটির কোপে মো. রহমত আলী (৫৪) নামে বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। গতকাল পুলিশ লাইন মেসে এ ঘটনা ঘটে। 

আটক আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পাইকপাড়া এলাকার মৃত মোজায়েরের ছেলে। আহত রহমত আলী খুলনার ভাটিয়াঘাটা এলাকার মৃত সৈয়দ এমদাদ আলীর ছেলে। 

ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন। দুপুরে পুলিশ লাইন মেসে খাবার খেতে গিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বটি দিয়ে কুপিয়ে জখম করেন আলী মনোয়ার। ঘটনাস্থল থেকে রহমত আলীকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত আলী মনোয়ারকে আটক করেছে পুলিশ। 

এ ঘটনায় অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ লাইন মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আহত আনসার সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হামলাকারী আনসার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

তারেক চৌধুরী/এনএফ

বিজ্ঞাপন