মাদারীপুরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা ও নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জেলার শিবচর উপজেলার পূর্ব কাকৈর (চর শ্যামাই) গ্রামের খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) এবং একই উপজেলার কেরানীবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।
নিহত রাকিব ছিলেন শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে একা দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তাকে একা পেয়ে প্রতিপক্ষরা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানোর পথে রাকিবের মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে রাকিবকে কোপানোর একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হওয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে গত ১৫ সেপ্টেম্বর ২২ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে শিবচর থানায় মামলা করেন নিহতের মা পারুল আক্তার।
র্যাব-৮ আরও জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় যৌথভাবে অভিযান চালায় মাদারীপুর র্যাব-৮ ও ঢাকার র্যাব-১০-এর যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় আসামি নুর আফজাল ওরফে রানা সরদারকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকায় নারায়ণগঞ্জের র্যাব-১১ ও মাদারীপুর র্যাব-৮-এর অপর একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে সিয়ামকে গ্রেপ্তার করে। পরে মামলা অনুযায়ী দুই আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সঙ্গে রাকিবদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৬ মে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ মারা যান। পরে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় জেল খেটে সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন রাকিব। রোববার রাতে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে একটি অস্ত্রধারী দল তাকে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যান।
আকাশ আহমেদ সোহেল/এএমকে
