বিজ্ঞাপন

ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া

ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মারা গেছেন।

তার মৃত্যুর খবর পেয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর-পিজাহাতি গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। শামীমের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা।

এর আগে, গত সোমবার টঙ্গীর কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় ফায়ার সার্ভিসের চারজন কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ। পরে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিকেল ৩টায় মারা যান।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান জানান, শামীম আহমেদের মরদেহ ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে নেওয়া হবে। সেখানে জানাজার পর মরদেহ কেন্দুয়ায় গ্রামের বাড়িতে পাঠানো হবে।

উল্লেখ্য, শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসের চাকরিতে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

চয়ন দেবনাথ মুন্না/এআরবি