ইলিশ রক্ষায় ড্রোন ব্যবহার করবে বিমান বাহিনী : ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মা ইলিশ রক্ষায় এ বছর ২২ দিনের নিষেধাজ্ঞা ৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও এই অভিযান পরিচালনায় কাজ করবে পুলিশ ও নৌবাহিনী। তবে এবার নতুনভাবে বিমান বাহিনীর ড্রোনও ব্যবহার করা হবে নজরদারির জন্য।
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, গত বছর আমাদের নেওয়া পদক্ষেপের ফলে প্রায় ৫২.৫ শতাংশ মা ইলিশ রক্ষা সম্ভব হয়েছিল। এ বছরও আমরা সেই সফলতা ধরে রাখতে চাই।
তিনি আরও বলেন, তবে এবার ইলিশ আহরণ কম হওয়ার প্রধান কারণ হচ্ছে অবৈধ জাল ব্যবহার। বিশেষ করে কারেন্ট জাল ও চায়না দুয়ারি দিয়ে একসঙ্গে অনেক মাছ ধরা হচ্ছে। এতে শুধু জাটকাই নয়, ইলিশের পুরো প্রজনন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাটকা সংরক্ষণের সময় তারা মাছ ধরে নষ্ট করছে, এতে ইলিশ ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণে আমরা এবার আরও বেশি সতর্ক থাকব। আশা করছি, এবার আরও বেশি মা ইলিশ রক্ষা করা সম্ভব হবে। নভেম্বর থেকে জুন পর্যন্ত সময় জাটকা সংরক্ষণের সময়। তখন ডিম ছাড়ার সময় হয়, এ সময়টায় আমাদের আরও সচেতন থাকতে হবে।
নদীর বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, নদীর নাব্যতা অনেক কমে গেছে। ইলিশ একটি মাইটোকন্ড্রিয়া জাতের মাছ, যা সাগর থেকে নদীতে উঠে আসে। পদ্মা, মেঘনার মতো বড় নদীগুলোর যেসব পথ দিয়ে ইলিশ আসে, সেগুলো অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। এজন্যও এ বছর ইলিশের পরিমাণ কিছুটা কম দেখা গেছে।
এ সময় দুর্গা মন্দির পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের দূতাবাসের ডিপুটি হেড অব মিশন দীপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।
আরিফুল ইসলাম/এআরবি