বিজ্ঞাপন

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রণক্ষেত্র আশুগঞ্জ, আহত অর্ধশতাধিক

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রণক্ষেত্র আশুগঞ্জ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে গ্রামবাসী দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৭টা থেকে শুরু হয়ে সংঘর্ষটি চলে সকাল ১১টা পর্যন্ত। এতে দুর্গাপুরের বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজন মুখোমুখি হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর বাজারে এক প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতেই বিষয়টি উত্তপ্ত রূপ নেয় এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। রাতের উত্তেজনা প্রশমিত না হওয়ায় শুক্রবার সকালে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র হাতে কয়েক ঘণ্টা ধরে চলে এ সহিংসতা।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছে সংঘর্ষ থামাতে সক্ষম হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দলও পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।

মাজহারুল করিম অভি/এআরবি