বিজ্ঞাপন

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির আবেদন বক্সে দুর্বৃত্তদের হামলা

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির আবেদন বক্সে দুর্বৃত্তদের হামলা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার নিয়োগের আবেদনপত্র জমার শেষ দিনে দুর্বৃত্তরা আবেদন বক্স ভাঙচুর ও তছনছ করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের আবেদনপত্র জমার শেষ দিন ছিল আজ। উপজেলা প্রশাসন বিকেল ৩টার দিকে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার আগেই একদল দুর্বৃত্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভেঙে ফেলে। এ সময় তারা বক্সের ভেতরে থাকা আবেদনপত্রগুলো ছিঁড়ে ফেলে এবং এলোমেলো করে দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার বলেন, হামলাকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ আল হাসান বলেন, দুর্বৃত্তদের শনাক্তে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

রিপন আকন্দ/এআরবি