বিজ্ঞাপন

রংপুরে অপারেশন থিয়েটার ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা

রংপুরে অপারেশন থিয়েটার ও ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা

রংপুরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) এবং একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানগুলো হলো- নগরীর ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানীয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদের নেতৃত্বে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দায়িত্বরত চিকিৎসক না থাকা, অনুমোদনের তুলনায় অতিরিক্ত শয্যা রাখা, অপারেশন থিয়েটারে মানসম্মত পরিবেশের অভাবসহ নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে। এ কারণে এলিট হাসপাতাল ও জয়তুন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের কারণে রহমানীয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারও সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।

রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, আমরা ক্লিনিক দুটি পরিদর্শন করে নানা অনিয়ম পেয়েছি। এলিট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও ছিল। আমরা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে বৈঠক করব। তারা যেন সরকারি নীতিমালা মেনে নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে রোগীদের সেবা দেয়।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, রোগীরা যে সেবা পাওয়ার কথা ছিল, তা তারা পায়নি। বিশেষ করে ক্লিনিকগুলোতে ডিউটি ডাক্তার নেই। আমরা তাদের গাফিলতির বিষয়টি বিএমডিসিকে লিখিতভাবে জানাবো এবং স্বাস্থ্য প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

ফরহাদুজ্জামান ফারুক/এআরবি

বিজ্ঞাপন